ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ফেবারিট ভারত: গাভাস্কার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৪:৫৭
আগামী ৮ মার্চ থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ভারতকেই সুস্পষ্ট ফেভারিট হিসেবে দেখছেন দেশটির কিংবদন্তি খেলোয়াড় অধিনায়ক সুনীল গাভাস্কার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৩৭ রানের জয় এই প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিয়েছে।
 
কোহলির ৫৫ বলে ঝড়ো গতির ৯০ রানের ওপর ভর করে ভারত ৩ উইকেটে ১৮৮ রানের লড়াকু ইনিংস গড়ে তোলে। ওয়ানডে সিরিজে ভারতীয় বোলাররা যেখানে পুরোপুরি ব্যর্থ ছিল সেই বোলাররাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ফিরে পেয়েছে। সিডনি ওয়ানডেতে দারুন পারফর্ম করা জাসপ্রিত বুমরা অভিষেকেই নিয়েছেন তিন উইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন ২টি করে উইকেট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে গেল। ম্যাচ শেষে গাভাস্কার বলেছেন, ওয়ার্ল্ড টি টোয়েন্টির আগে ভারত হঠাৎ করেই ভাল খেলা শুরু করেছে। দলের মধ্যে বোঝাপোড়াও ছিল ভাল। আমার মতে ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ভারতই ফেভারিট। কোহলির ব্যাটিং দেখলে মনে হয় সে অন্য গ্রহ থেকে এসেছে। সে এত সহজে ব্যাটিং করে যা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করাটাও কঠিন।
 
বুমরার বোলিংয়ের প্রশংসা করে কিংবদন্তি ভারতীয় ওপেনার বলেছেন সিডনি ওয়ানডে ও এডিলেডের আজকের ম্যাচে ও যেভাবে বোলিং করেছে তা ছিল একেবারে যথার্থ। লাইন-লেংথ সবদিক থেকেই তার কাছ থেকে সিনিয়র বোলারদের শেখার অনেক কিছু আছে।
 
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী ভারত ৪-১ ব্যবধানে পরাজিত হয়। শেষ তিনটি ম্যাচে অশ্বিনের বাদ পড়াটা অনেককেই বিস্মিত করেছে। কিন্তু টি টোয়েন্টিতে  চার ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে তিনি প্রমাণ করেছেন ওয়ানডেতে নির্বাচকদের সিদ্ধান্ত ভুল ছিল। জাদেজা ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।