জ্বালানি তেলের দাম সমন্বয়ের এখনই সময়: এফবিসিসিআই

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৬:৫৪
 
আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দেশে দাম সমন্বয়ের দাবি এসেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে। বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিনিয়োগ বাড়ানোর জন্য আস্থার পরিবেশ সৃষ্টি, ঋণের সুদ হার কমানো, কারখানার উপযুক্ত জমির ব্যবস্থা করাসহ একগুচ্ছ বিষয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেছেন সংগঠনের নেতারা।
 
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনটির প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নামতে নামতে ১১০ ডলার (প্রতি ব্যারেল) থেকে মাত্র ৩০ ডলারে ঠেকেছে। এখনই দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করার সময়। সরকার যেহেতু ব্যবসা করে না, সেহেতু দ্রুত এই উদ্যোগ নিবে বলে আমরা আশা করছি।’
 
জ্বালানি সমস্যাকে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করেন সংগঠনের পরিচালক মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘বর্তমান অবস্থায় দেশে বিনিয়োগ হবে না। কারণ বিনিয়োগের প্রধান সমস্যা জ্বালানি। নতুন গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না। আর গ্যাস যেখানে আছে সেখানে জমির দাম আকাশচুম্বী। অপরদিকে জ্বালানি তেলের দামও কমছে না।’
 
তিনি আরো বলেন, ‘সরকার যদি গ্যাস দিতে না পারে তাহলে গ্যাসের দামে জ্বালানি তেল দিক। দরকার হলে গ্যাসের দামও কিছুটা বাড়াক। তা না হলে মানুষ বিনিয়োগে যাবে না।’
 

হেলাল বলেন, ‘গ্যাস দিয়ে পণ্য তৈরি করতে ১০ টাকা খরচ হলে জ্বালানি তেলে একই পণ্য তৈরি করতে ১৫ টাকা বা তার বেশি লাগবে। তাহলে জেনে বুঝে কে এই বিষ খাবে?’ ‘বিশ্ববাজারে তেলের দাম কমেছে, এখনই দেশের বাজারে কমানোর সুযোগ। দরকার হলে সরকার গ্যাসের দাম বাড়াক। বিনিয়োগ ও কর্মসংসস্থানের জন্য সরকারকে এ সিদ্ধান্ত নিতে হবে।’