বিশিষ্ট ব্যক্তিদের ছবি বিকৃত, শিবিরকর্মী গ্রেফতার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:৫১
প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এবং পুলিশ প্রধানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় চট্টগ্রামে ছাত্র শিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 
মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকা থেকে এনামুল হক (২৮) নামের ওই শিবিরকর্মীকে গ্রেফতার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা। আন্দরকিল্লা এলাকার প্রিন্টিং ব্যবসায় সম্পৃক্ত এনামুল ২০১৩ সালেও গ্রেফতার হয়েছিলেন।
 
এসআই সন্তোষ বলেন, এনামুল তার ফেসবুকে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এবং পুলিশের আইজি শহীদুল ইসলামের ব্যাঙ্গাত্মক ছবি ফেসবুকে পোস্ট করেন।
 
পুলিশ কর্মকর্তা সন্তোষ বলেন, এনামুলকে মঙ্গলবার রাতে গ্রেফতারের পর তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে কোতোয়ালী থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। মামলায় বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
এনামুল ২০১৩ সালে হাতবোমা বিষ্ফোরণ ঘটাতে গিয়ে আহতাবস্থায় পাঁচলাইশ থানা পুলিশের হাতে গ্রেফতার হন বলে জানান তিনি।