গাজীপুরে বয়লার বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ দাবি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৭:৫১
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিকেল করাখানায় বয়লার বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ ও দোষিদের শাস্তি দাবিতে বুধবার ওই কারখানার সামনে মানববন্ধন করেছে ‘ঢাকার কেন্দ্রীয় শ্রমিক নিরাপত্তা ফোরাম’।
 
মানববন্ধনে কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে স্কপের যুগ্ম সমন্বয়কারী নাইমুল হাসান জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সেক্রেটারি রাজিকুজ্জামান রতন, বিলসের সুলতান উদ্দিন আহমেদ, টিইউসির সহসভাপতি লুৎফর রহমান, জাতীয় শ্রমিক জোটের সহসভাপতি আ. ওয়াহেদ, বাসদের গাজীপুর জেলা সমন্বয়ক রাহাত আহমেদ, আইন ও শালিস কেন্দ্রের ইনভেস্টিগেটর লিয়াকত আলী ও সেফটি অ্যান্ড রাইটসের প্রোগ্রাম অফিসার সিনথি ঘোষ, স্থানীয় কাউন্সিলর বজলুর রহমান বাছির, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ অংশ নেন। 
 
গত ২৩ জানুয়ারি বিকেলে ওই কারখানায় বয়লার বিস্ফোরণে স্কুল শিক্ষিকাসহ ৭ জন শ্রমিক নিহত হয় এবং ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।