গয়নার দোকানে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৮:১৮
ব্রাহ্মণবাড়িয়ায় একটি গয়নার দোকানে ডাকাতির চেষ্টার সময় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
 
বুধবার শহরের লাখি বাজারের সানন্দা জুয়েলার্সে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান ভুইয়া। আটক নাইম হোসেন (২২)  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের চিরকোট গ্রামের আব্দুল মালেকের ছেলে।
 
মফিজুর রহমান বলেন, দুপুরে সানন্দা জুয়েলার্সে একদল ডাকাত হানা দিয়ে দোকানের মালামাল লুটের চেষ্টা করছিল।এ সময় দোকানের লোকজনের চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাদের ধাওয়া এবং অস্ত্রসহ নাইমকে আটক করে। পরে পুলিশ গিয়ে নাইমকে আটক থানায় নিয়ে আসে।
 
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।