বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ ১০ ফেব্রুয়ারি শুরু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১১:২৬
বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার গলফারদের নিয়ে দ্বিতীয় ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ ১০ ফেব্রুয়ারি থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হতে যাচ্ছে। চারদিনব্যাপী এই প্রতিযোগিতায়  এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০টিরও বেশি দেশের ২৩১ জন গলফার অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। 
 
তিন লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ৩০ জন গলফার অংশ নেবেন। এর মধ্যে ২৫ জনই পেশাদার গলফার। বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমানসহ সুজিত, মাজেদ, দুলাল, জামাল, মিলন ও লিটন হাওলাদার এবারের আসরটিতেও অংশ নিতে যাচ্ছেন। গলফের এশীয় নিয়ামক সংস্থা এশিয়ান ট্যুরের অনুমোদনক্রমে আসরটি আয়োজনের সার্বিক দায়িত্ব বাংলাদেশ গলফ ফেডারেশনের। 
 
গতকাল বুধবার গলফ ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন মিডিয়া কমিটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল সেলিম আকতার (অব:)। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. ওবাইদুল হক ও গলফ ক্লাবটির টুর্নামেন্ট কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবিদুর রেজা খান।
 
স্বাগতিক হওয়া সত্ত্বেও গতবার বাংলাদেশের গলফাররা ভালো কিছু করে দেখাতে পারেনি। এবার তারা আরো ভালো করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে সেলিম আকতার বলেন, গতবারের চেয়ে এবার ভালো মানের কিছু খেলোয়াড় আছে। তিনি জানান, গতবারের ন্যায় এবারও দেশ সেরা গলফার সিদ্দিকুর অংশ নিবে। সিদ্দিকুর এখন ট্রেনিংয়ের জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। টুর্নামেন্টর শুরুর আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।