শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর স্বর্ণালঙ্কার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে লাশ পাঠিয়েছে পালং থানার পুলিশ।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার পূর্ব সোনামুখী গ্রামের পোল্যান্ড প্রবাসী মজিবুর রহমানের ঘরে ঢুকে সন্ত্রাসীরা তার স্ত্রী জেবুন্নেছাকে কুপিয়ে হত্যা করে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যায়। পরে জিবুন্নেছার প্রতিবন্ধী মেয়ে রাইসার কান্নার শব্দ পেয়ে মজিবুর রহমানের মা ও তার ভাই করিম বেপারী ঘরে ঢুকে খাটের উপর জেবুন্নেছার লাশ দেখতে পান।
পরে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
পালং থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে।
