আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
এশিয়ার চারটি টেস্টখেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আইসিসির সহযোগী একটি দেশ। সেই স্থানের জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে বাছাইপর্ব খেলবে আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরুর পর গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের পরবর্তী তিনটি ম্যাচ খেলবে ২৬ ফেব্রুয়ারি (বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে), ২৮ ফেব্রুয়ারি (শ্রীলঙ্কার বিপক্ষে) ও ২ মার্চ (পাকিস্তানের বিপক্ষে)।
ভারত ও পাকিস্তান ২০১৫ সালের বিশ্বকাপের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে এশিয়া কাপে। ২৭ ফেব্রুয়ারি একে অপরের বিপক্ষে খেলবে এশিয়ার দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এরপর আবার মার্চের ১৯ তারিখে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের। ক্রিকইনফো।
