চুয়াডাঙ্গায় ছাত্রীকে অপহরণকালে ৩ যুবক আটক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:৩৩
চুয়াডাঙ্গা শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র সদর থানা এলাকা থেকে অপহরণকালে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।  আর অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাসটি তাৎক্ষণিক ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
 
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সদর থানা সংলগ্ন শহীদ হাসান চত্বরে এ ঘটনা ঘটে।  অপহরণকারীরা হলেন, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের আশিক আহম্মেদ কলিন্স, আরিফ আহম্মেদ বিপ্লব ও পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের ফাইম।
 
জানা গেছে, জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের ফাহমিদা দুই বান্ধবীসহ কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। তারা শহীদ হাসান চত্বরে মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে অপহরণকারীরা  ফাহমিদাকে (২০) জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।  ফাহমিদার চিৎকারে স্থানীয় জনতা মাইক্রোবাসটি ধাওয়া করে তাকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করে।  তবে মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে গেছে।
ঘটনার পর পরই উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর এবং অপহরণকারীদের মারধর করে।  চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যায়।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ফাহিমাকে দীর্ঘদিন ধরে কলিন্স প্রেম নিবেদন করে আসছিলেন।  এতে সাড়া না পেয়ে জোরপূর্বক কলিন্স তার আরো দুই সহযোগীকে নিয়ে ফাহমিদাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল।  এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।’