পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ২১:৩৫
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত নারীসহ তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।  নিহত  মো.জসীম (৪০) চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়ার মৃত সাহেদ মিয়ার পুত্র ও মো. আজিজুল ইসলাম (৩৫) একই উপজেলার হাশিমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।  আহতরা হলেন, মো.ইউসুফ (৪২), নুরুন্নাহার (৫০) ও রফিক (৩৫)।  
 
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিল্লুর রহিম বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’