গ্রীসে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ১০ শিশুসহ ২৪ জনের প্রাণহানি ঘটেছে। গ্রীসের সামোস দ্বীপ থেকে বৃহস্পতিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঈজিয়ান সমুদ্র অতিক্রম করে তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পথে সর্বশেষ অভিবাসীদের এই নৌকা ডুবির ঘটনায় এখনো ৪৫ ব্যক্তি নিখোঁজ রয়েছে। ১০ ব্যক্তিকে জীবীত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১২ টি মৃতদেহ উদ্ধারের কথা জানায়। তবে উদ্ধারকারীরা নিখোঁজদের দ্রুত খুঁজে বের করার জন্যে চিরুনি অভিযান চালায়। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র জানিয়েছেন, মৃতদের মধ্যে পাঁচ জন ছেলে ও পাঁচ জন মেয়ে রয়েছে। এছাড়া ১০ জনকে জীবীত উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তি সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি ও দারিদ্র্যের কারণে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা থেকে অনেকেই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। খবর-বাসস।
