গাংনীতে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ১২

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ০৯:৩১
মেহেরপুরের গাংনী উপজেলা তিনটি পল্লীতে পৃথক সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা থেকে ১০টার মধ্যে পৃথক সময়ে এ সংঘর্ষের ঘটনাগুলো ঘটে।
 
আহতদের মধ্যে আরিফা খাতুন (৩৮), আব্দুর রশিদ (৪৫) তার স্ত্রী শাহানা খাতুন (৪০), আরজ আলী, ইলিয়াস আলী, সেন্টু হোসেন, লাল্টু হোসেনের অবস্থা খারাপ হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
আহত আরিফা খাতুন বলেন, 'আমার দেবর প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী রোজিনা খাতুনের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে জাহিদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেম চলছে। এ বিষয়টি নিয়ে জাহিদ হোসেনকে নিষেধ করার কারণে জাহিদের বাবা আবু তালেবের নেতৃত্বে মোতালেব হোসেন, মোজাম হোসেন, আব্দুল হান্নান কাজলসহ তাদের লোকজন লাঠি ও দেশিয় তৈরি অস্ত্র নিয়ে বাড়ির ওপর হামলা চালিয়ে আমাদের আহত করে।'
 
এদিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাংনী উপজেলার রাইপুর গ্রামে চাচাতো ভাইয়ের হাতে আহত হয়েছেন শ্রী শ্যামল কুমারের স্ত্রী শ্যামলী (৩৫) ও শ্রী চিত্রা কুমার (৩৪)। 
 
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই উপজেলার কাষ্টদহ গ্রামে ব্যবসায়ীক পার্টনার রাশেদুল ইসলামের লাইটের আঘাতে মারাত্বক আহত হয়েছেন শাহাজুল ইসলাম (৪০)।
 
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। দেশিয় অস্ত্রের ব্যবহার হয়েছে এসব সংঘর্ষে।'