সাত ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ২ শতাধিক যানবাহন নিয়ে নোঙর করে রাখে ১২টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ১২টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়।
