শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৪:২১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর আউশিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৩টি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে। আহত ৬ জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ৭ রাউন্ড গুলি ছোড়ে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 
 
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, চর আউশিয়া গ্রামে সিরাজ আলির গ্রুপের সঙ্গে মক্কেল হোসেন গ্রুপের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৮টার দিকে সিরাজ গ্রুপ জমি দখল করতে গেলে মক্কেল গ্রুপ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের প্রায় ৬০০ লোক ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল  ছুঁড়তে থাকে। এতে এস আই ইকবাল কবির, কনস্টেবল মো. আলি, ইউসুফ আলি, নুরুল ইসলাম ও আব্দুর রশিদ আহত হন। পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে  তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আটককৃতরা হচ্ছে- শফি শেখ, আনোয়ার হোসেন, বশির উদ্দিন, ইব্রাহিম হোসেন ও ইদ্রিস আলিকে আটক করেছে। আহত ৫ পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।