গাংনীতে অস্ত্র-গুলিসহ আটক ১

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৪:৪৫
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের ইনামুল ওরফে ইনামকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। তিনি এক সময় চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানায় র‌্যাব। আটক ইনাম জোড়পুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। 
 
র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিঞা জানান, নিজ বাড়িতে ইনাম অস্ত্র নিয়ে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এ সময় একটি এক নলা বন্দুক ও এর একটি গুলিসহ ইনামকে আটক করতে সক্ষম হয়। র‌্যাব ক্যাম্পে ইনামের জিজ্ঞাসাবাদ চলছে। তার নামে গাংনী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে গাংনী থানার মাধ্যমে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাব কমান্ডার।