নাটোরের সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী রিয়া খান (১৬) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলাধীন নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ডে বগুড়াগামী একটি পিকাপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল করিম রাজু (৫০) নিহত হন। এ সময় অপর মোটরসাইকেল আরোহী তার মেয়ে কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া খান গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে।
