বিনা অনুমতিতে তল্লাশি চালিয়ে সুইডেনপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে তিন হাজার ডলার ছিনিয়ে নেয়ার অভিযোগে যশোরে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- ঝিকরগাছা থানার এসআই এজাজুর রহমান এবং কনস্টেবল আজিজুর রহমান, মামুন হোসেন, বাবর আলী ও জিয়াউল হাসান। শুক্রবার তাদেরকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানিয়েছেন।
তিনি বলেন, বিনা অনুমতিতে তল্লাশি মিজানুর রহমান নামে এক ব্যক্তির তিন হাজার ডলার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠায় ওই পাঁচজনকে ‘ক্লোজড’করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযাগের তদন্ত চলছে।
ঘটনার শিকার নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা সুইডেন প্রবাসী মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে বেনাপোল হয়ে নড়াইল যাওয়ার পথে যশোরের ঝিকরগাছায় এসআই এজাজসহ সঙ্গীরা আমাদের তল্লাশি করে। এ সময় আমার স্ত্রীর ব্যাগ থেকে তিন হাজার ইউএস ডলার ছিনিয়ে নেয়। পরে আমি যশোর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের ঘটনাটি জানাই; হয়রানির ভয়ে মামলা করিনি। শুক্রবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক যুবক বাসায় এসে তিন হাজার ডলার ফেরত দিয়েছে বলেও জানান মিজানুর।
