রেকর্ড গড়ার প্রতীক্ষায় সেরেনা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১১:৩৮
স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের সমকক্ষ হওয়ার চেষ্টায় সেরেনা উইলিয়ামস প্রতিযোগিতার নারী এককের ফাইনালে সপ্তম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার এর মোকাবিলায় কোর্টে নামছেন। বাংলাদেশ সময় শনিবার ২টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
 
সেরেনা উইলিয়ামস তার ফাইনালের প্রতিপক্ষ কারবারকে জানিয়ে দিয়েছেন যে তিনি গেল বছরের চাইতেও ভালো খেলছেন। গেল বছর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন আমেরিকানটি। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে তিনি এখনো কোনো সেট হারেননি। জিতলে এটি হবে মেলবোর্নে তার সপ্তম শিরোপা জয়।
 
বর্তমানে ৩৪ বছর বয়সী সেরেনা এবারের অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে জিতলে তিনি ওপেন যুগে জার্মান কিংবদন্তি স্টেফি গ্র্যাফের ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য মাইফলক স্পর্শ করবেন। এমনিতে গত বৃহস্পতিবার সেমিফাইনালে জিতে ক্যারিয়ারে ২৬ বারের মতো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠেন সেরেনা।
 
নৈপুণ্য কিংবা ঐতিহ্য বিবেচনায় কোনো অঘটন না ঘটলে ফর্ম বিচারে এ ফাইনালে শিরোপা জিততে চলেছেন তিনিই। মেলবোর্ন পার্কে এর আগে ছয়বার ফাইনালে উঠে একবারও শিরোপাহীন ফিরতে হয়নি তাকে। কারবারও অবশ্য নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিততে সর্বোচ্চ দিয়েই লড়বেন। তাছাড়া সেরেনাকে হারাতে পারলে ২১ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতবেন কোনো জার্মান।
 
সর্বশেষ মেলবোর্নে শিরোপা উচিয়ে ধরেছিলেন কিংবদন্তি স্টেফি গ্র্যাফ। সব মিলিয়েই তিনি এ প্রসঙ্গে শিরোপা লড়াইয়ে যোগ দিয়েই বলেছিলেন, ‘ফাইনালে সেরেনার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। আমার কিছু হারাবার নেই। সর্বোচ্চ দিয়ে খেলে যাব।’ বিবিসি/গার্ডিয়ান