স্মার্টফোন সুরক্ষায় সেরা সাত অ্যান্ড্রয়েড অ্যাপ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১২:১২
প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে গোটা বিশ্বকে। স্মার্টফোন ভার্চুয়াল বিশ্বে আমাদের বিচরণকে করেছে অবাধ। তবে এক্ষেত্রে বড় এক বাধা, ম্যালওয়্যার। সেজন্য হাজারো ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ থেকে বাঁচাতে চাই শক্তপোক্ত নিরাপত্তা অ্যাপ। আর অ্যান্ড্রয়েড চালিত ফোনের জন্য এই মুহূর্তের সেরা সাত নিরাপত্তা অ্যাপ নিয়েই এই প্রতিবেদন।
 
অ্যাভাস্ত
এটি ফ্রি এবং পেইড দু’টি সংস্করণেই পাওয়া যায়। ফ্রি সংস্করণটি অত্যন্ত ভাল, প্রিমিয়ামে না গেলেও চলবে। এতে রয়েছে প্রাইভেসি অ্যাডভাইজার এবং কাস্টমাইজেবল ব্ল্যাকলিস্ট ফিচার। রেটিং দশে নয়।
 
বিটডিফেন্ডার
বেশ হালকা অ্যাপ। ফোনে জায়গা নেয় কম। তবে এটি একটি পেইড অ্যাপ। এর ফ্রি সংস্করণটি শুধু ম্যালওয়্যার স্ক্যান করে, কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা দেয় না। রেটিং দশে আট।
 
ক্যাসপারস্কি
ব্যক্তিগত কম্পিউটার বা পিসি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত নামকরা কোম্পানি। ফোনের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপটিও বেশ ভাল, তবে অ্যাভাস্ত এর মতো ভাল নয়। এরও রয়েছে ফ্রি এবং প্রিমিয়াম সংস্করণ। রেটিং দশে সাত।
 
এভিজে
উইন্ডোজ অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে যথেষ্ট নামডাক থাকলেও এর অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ডিটেকশন অ্যাপটি ইনস্টল করলে ফোন বেশ খানিকটা স্লো হয়ে যায়। তবে এর অ্যান্টি-থেফট এবং প্রাইভেসি প্রোটেকশন ভাল। ম্যালওয়্যার প্রোটেকশন চাইলে অন্য অ্যাপ ডাউনলোড করাই শ্রেয়। রেটিং দশে সাত।
 
ম্যাকাফি
ম্যাকাফির অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপের বৈশিষ্ট্য এর একগুচ্ছ ফিচার। এমনিতে ফ্রি অ্যাপ। তবে প্রিমিয়াম সংস্করণটি পেইড। এরও অ্যান্টি-থেফট এবং প্রাইভেসি প্রোটেকশন ভাল। ম্যালওয়্যার প্রোটেকশন অতটা ভাল নয়। রেটিং দশে সাত।
 
লুকআউট
এরা শুধু মোবাইল নিরাপত্তা অ্যাপ তৈরি করে। প্রাইভেসি প্রোটেকশন বেশ ভাল, কিন্তু সেই তুলনায় প্রিমিয়াম সংস্করণের দাম একটু বেশিই। রেটিং করলে মেরেকেটে দশে ছয় দেওয়া যায়।
 
নরটন
পিসি নিরাপত্তার ক্ষেত্রে ভাল হলেও মোবাইল নিরাপত্তা অ্যাপটি ততটা ভাল নয়। বিশেষ করে, ম্যালওয়্যার ডিটেকশন বেশ খারাপ। তবে নরটনের একটি মাল্টি-ডিভাইস, মাল্টি-প্ল্যাটফর্ম নিরাপত্তা স্যুট রয়েছে। এটি কিনলে কিছু টাকা সাশ্রয় হতে পারে। শুধু মোবাইল অ্যাপটি ডাউনলোড করলে সম্পূর্ণ নিরাপত্তা পাওয়া যাবে না। রেটিং দশে ৬।