নাটোরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৩:৪৪
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে শনিবার সকালে আবু রায়হান মোল্লা (৪৮) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দুই পা বাঁধা ঝুলন্ত লাশ পাওয়া গেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
নিহত রায়হান পার্শ্ববর্তী কামারদহ গ্রামের মৃত জাহের আলী মোল্লার ছেলে এবং একটি হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে বাহিমালি গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। 
 
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাহিমালি হিন্দুপাড়া মন্দিরের পাশের একটি আম গাছে আবু রায়হানের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে যায় বলে পুলিশের ধারণা। নিহত আবু রায়হান মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান নিশ্চিত করেছেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
 
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই দয়াল কুমার ব্যানার্জি জানান, রায়হানকে কী কারণে, কারা হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার নামে বাহিমালি গ্রামের কৃষক আব্দুল মোতালেবকে গুলি করে হত্যার অভিযোগে মামলা রয়েছে। গত বছরের ৬ এপ্রিল মোতালেবকে হত্যা করা হয়।