ফিঞ্চের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে খাজা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:৪৭

ইনজুরির কারণে অধিনায়ক অ্যারন ফিঞ্চ দলের বাইরে চলে যাওয়ায় ভারতের বিপক্ষে শেষ টি২০তে দলে ডাক পেয়েছেন ইন-ফর্ম ব্যাটসম্যান উসমান খাজা। শেষ ম্যাচের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি।

শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিঞ্চ বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন। ম্যাচটিতে ভারত ২৭ রানে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করে। ইনজুরির কারণে সিডনিতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ফিঞ্চের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু এজন্য কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে এনিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শুক্রবার ফিঞ্চ ৪৮ বলে ৭৪ রান করার পরে রান আউট হয়ে সাজঘরে ফিরেন। নতুন করে পুরোনো ইনজুরিতে পড়ায় দারুন হতাশ ফিঞ্চ জানিয়েছেন, আশা করছি এবার আর দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হবে না। বিশেষ করে ওয়ার্ল্ড টি টোয়েন্টি যেহেতু আসন্ন তাই যেভাবেই হোক সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সামনে এগিয়ে যেতে চাই। বাসস।