কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শাহা ইউনুছ (৪০) ও একই এলাকার মৃত সৈয়দুল রহমানের স্ত্রী ধলু বেগম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার। তিনি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের (এ এস আই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই দুইজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার দাম ৩০ লাখ টাকা।
তিনি আরো জানান, ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
