কয়েক লাখ এসি প্লাগ পাল্টে দিচ্ছে অ্যাপল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:২৩
 
ব্যবহারকারী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কয়েকটি ঘটনার পর ম্যাক কম্পিউটার ও আইওএস ডিভাইসের জন্য তৈরি কয়েক লাখ এসি ওয়াল প্লাগ স্বেচ্ছায় পাল্টে দেয়ার ঘোষণা দিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্লাগ ভেঙে ব্যবহারকারী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অন্তত ১২টি ঘটনা নিজেদের জানা আছে বলে জানিয়েছে অ্যাপল। এর পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীদের ওই এসি প্লাগগুলো ব্যবহার না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
 
২০০৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে বিভিন্ন দেশে বিক্রি হওয়া ম্যাক কম্পিউটার ও আইওএস ডিভাইসের সঙ্গে ওই এসি প্লাগ সরবরাহ করেছিল অ্যাপল। ওই এসি প্লাগ অ্যাপলের ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাডাপ্টার কিট-এর অন্তর্ভূক্ত ছিল বলে জানিয়েছে বিবিসি।
 
আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ কোরিয়া আর কন্টিনেন্টাল ইউরোপের দেশগুলোর ক্রেতারা অ্যাপলের সরবরাহকৃত নতুন এসি প্লাগগুলো পাবেন। বাদ যাবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং জাপানের ক্রেতারা।
 
ভুক্তভোগী ক্রেতারা স্থানীয় অ্যাপল স্টোর থেকে নিজেদের এসি প্লাগগুলো পাল্টে নিতে পারবেন অথবা অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটের আবেদন জানাতে পারেন নতুন প্লাগের জন্য।
 
২০১৫ সালে বিটস লাউডস্পিকার সিস্টেমের প্লাগের ব্যবহার নিয়ে ক্রেতাদের সতর্ক করে দিয়েছিল অ্যাপল। নির্মাণ ত্রুটির কারণে প্লাগটি থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করছিল প্রতিষ্ঠানটি। বিডি নিউজ।