খুলনায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ২০

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮
খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে সাতজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
শনিবার বিকালে নগরীর জিরো পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
 
জানা গেছে, বিকাল সোয়া পাঁচটার দিকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুলনা-সাতক্ষীরা সড়ক ও খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) বাইপাস সড়কের জিরো পয়েন্টে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক।
 
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে।