উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঋষিপল্লীতে হামলা, অগ্নিসংযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ২২:৪৫
যশোরের মনিরামপুরে স্কুলছাত্রী উত্যক্তের ঘটনায় ঋষিপল্লীতে হামলা, মারপিট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 
শনিবার বিকেলে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের পাড়ালা ঋষিপল্লীতে এ হামলার ঘটনা ঘটেছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
ঋষিপল্লীর বাসিন্দারা জানান, পাড়ালা ঋষিপল্লীর দুই এসএসসি পরীক্ষার্থীকে বাহিরঘরিয়া গ্রামের ইব্রাহিম হোসেন, পাড়ালা গ্রামের মামুন ও রিমন প্রায়ই উত্ত্যক্ত করতো । ওই ছাত্রীরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানান। গত বুধবার স্কুল ম্যানেজিং কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে। অভিযোগের বিষয়টি জানাজানি হলে শনিবার বিকেলে ইব্রাহিমের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক ঋষি পল্লীতে হামলা চালায়। এক পর্যায়ে তারা ঋষিপল্লীর গোবিন্দ, মুকুন্দ ও নীলপদ দাসের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। হামলায় ঋষি পল্লীর গোবিন্দ দাস, মুকুন্দ দাস, জিতেন্দ্র দাস, পূর্নিমা দাস, জয়দেব দাস, সকালী রানী দাস, অধির দাস, নীল কুমার দাসসহ অন্তত ১৫ জন আহত হন। আহতরা মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
মনিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম জানান, হামলা ভাঙচুরের খবর পেয়ে নেহালপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্কুলছাত্রী উত্যক্তের জের ধরে এ ঘটনা ঘটেছে।