সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ০১:৪০
কক্সবাজারের চকরিয়া, মুন্সীগঞ্জের গজারিয়ায়, খুলনা, কুমিল্লার লাকসামে, শেরপুর ও নড়াইলের লোহাগড়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।
 
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক রানা পাল (২৮) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসের অন্তত ১২ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রানার বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া গ্রামে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
 
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার গজারিয়ায় যাত্রীবাহী একটি বাস-প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
 
খুলনা অফিস জানায়, খুলনায় যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল নগরীর জিরো পয়েন্টে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন হলেন খুলনার রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের শরিফুল ইসলাম (২৪)। নগরীর হরিণটানা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
 
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, উপজেলায় পিকআপ চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল লালমাই হাইওয়ে ফাঁড়ির এসআই লাকসাম থানায় একটি এজাহার দায়ের করেছেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভা এলাকার নশরতপুর নামক স্থানে গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ছোটহাড়গিলা গ্রামের ওমর ফারুক (৩০) এবং একই উপজেলার পোহনকুচা এলাকার অনিক হোসেন (২৩)।
 
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর-শ্রীবরদী সড়কে ইন্দিলপুর নামক স্থানে সিএনজি চালিত অটোরিক্সার চাপায় ইয়াসমীন আখতার যুথী (৯) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল এ দুর্ঘটনা ঘটে।
 
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার মহাজন-লক্ষ্মীপাশা সড়কের কোটাকোল ইউনিয়নের মাইগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার বুড়া (৩৫) দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইগ্রাম এলাকায় একটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জব্বার গুরুতর আহত হয়। প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকায় নেয়ার পথে মাওয়াঘাটে তার মৃত্যু হয়। লোহাগড়া থানার এসআই ঘটনার সত্যতা স্বীকার করেন।