জিদান মন্ত্রেই ঘুরে দাঁড়াতে চায় রিয়াল

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১১:০৩

রিয়াল মাদ্রিদ সর্বশেষ খেলায় রিয়াল বেটিসের বিপক্ষে ড্রয়ের ব্যর্থতা কাটানোর লক্ষ্যে লা লিগায় আজ এস্পানিওলকে আতিথ্য দিতে যাচ্ছে। খেলাটির আগে নতুন কোচ জিনেদিন জিদানের মন্ত্রেই উজ্জীবিত হচ্ছে দলটির খেলোয়াড়রা।

কিংবদন্তি জিদান কোচের চেয়ারে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল রিয়াল। নতুন কোচের তত্ত্বাবধানে দেপোর্তিভো লা করুনা এবং স্পোর্টিং গিজনের বিপক্ষে যথাক্রমে ৫-০ ও ৫-১ ব্যবধানের বড় জয়ও পায় তারা। কিন্তু সর্বশেষ খেলায় বেটিসের মাঠে ১-১ গোলে ড্র করায় শীর্ষে থাকা বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের।  দলের এমন অবস্থাতেও কোচ জিদানের পথনির্দেশনায় সন্তুষ্ট শিষ্যরা। দলটির ডিফেন্ডার পেপে বলেন, ‘জিদান যা চাচ্ছেন সেভাবেই আমরা কাজ করছি। কোচের চাওয়া অনুযায়ী শারীরিকভাবেও ধীরে ধীরে উন্নতি করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা দলীয়ভাবে কঠোর পরিশ্রম করছি। আগামী কয়েকটি খেলায় এটা কাজে লাগাতে চাই আমরা।’

এস্পানিওলের বিপক্ষে রিয়ালের অতীত দারুণ উজ্জ্বল। লা লিগায় দু’দলের মধ্যকার গত ১৬ খেলার একটিতেও হারেনি রিয়াল। এর মধ্যে গত সেপ্টেম্বরে এস্পানিওলের মাঠে ৬-০ গোলের বড় জয়ও পেয়েছিল রোনালদো-বেলরা। এছাড়া লিগে প্রতিপক্ষের মাঠে গত সাত খেলার সবক’টিতেই হেরেছে এস্পানিওল। লা লিগার পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে থাকা দলটি আজ হারলে ২০০২ সালের পর ফের টানা আট অ্যাওয়ে খেলায় পরাজয়ের নজির গড়বে। এই ব্যর্থতা এড়ানোর জন্য রিয়ালের মাঠে এস্পানিওল রক্ষণভাগেই বেশি নজর দিচ্ছে বলে জানালেন মিডফিল্ডার ভিক্টোর সানচেজ। —সকারওয়ে