সাতক্ষীরার গোবরদাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত মুজিবর রহমান মারা গেছেন। রবিবার সকাল ৮ টার দিকে খুলনা আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুজিবর রহমান গোবরদাড়ি গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।
নিহত মুজিবর রহমানের ভাইপো ইমরান হোসেন শিমুল হোসেন জানান, গত বছরের প্রথম দিকে তার চাচা মুজিবর রহমান ও আজিজুর রহমানসহ চার জন প্রতিবেশি গোবরদাড়ি গ্রামের তবিবুর রহমানের কাছ ৮ শতক ধানের জমি ক্রয় করেন। এরপর এই জমি তাদের দখলে থাকে। শুক্রবার সকালে হঠাৎ করে তবিবুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ওই জমিতে ধান রোপন করতে যান। এ সময় মুজিবর রহমানসহ তার পরিবারের লোকজন এতে বাধা দেয়। তবিবুর ও মিজানুরের নেতৃত্বে ৭-৮ জন অতর্কিত হামলা চালিয়ে মুজিবর রহমানসহ ৬ জনকে কুপিয়ে আহত করে। আহতরা সবাই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুজিবর রহমানের অবস্থা খারাপ হলে তাকে খুলনা আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অপর পাঁচ জন হলেন, সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের মুজিবর রহমানের ছেলে আবু হাসান (২৮) ও আবু হোসাইন (২০), ভাই আজিজুর রহমান (৬০), আবু হাসানের স্ত্রী রইফুর নেছা (২০), নজিবুর রহমানের স্ত্রী নাজমা খাতুন (৩০)। আহতরা সবাই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, মুজিবর রহমানের মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
