বাগেরহাটে সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক বনদস্যু নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চর পুঠিয়া খাল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মশিউর (৩৫) সুন্দরবন এলাকার বনদস্যু দল ‘মঞ্জু বাহিনীর’ উপ প্রধান বলে জানিয়েছে র্যাব।
ঘটনাস্থল থেকে ১১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক ও অপারেশন অফিসার মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে অভিযান শুরু করে র্যাব। বনদস্যুরা কাঁকড়া আহরণ ও মাছ শিকারে নিয়োজিত জেলেদের অপহরণের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা ঐ এলাকায় যায়। এসময় সুন্দরবনে ভেতর লুকিয়ে থাকা বনদস্যুরা র্যাবের উপর গুলিবর্ষণ শুরু করে। এ সময়ে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে বনদস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে গেলে র্যাব সদস্যরা ঐ এলাকায় তল্লাশি শুরু করে। এ সময়ে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ ও বনের ভিতরে এলোমেলো পড়ে থাকা ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ লাশ বনদস্যু মজনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মশিউরের বলে শনাক্ত করে।
