মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালিতে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, লৌহজং উপজেলার বাসিন্দা ব্যবসায়ী আজহার হোসেন মৃধা (৬৫), স্ত্রী জাহানারা বেগম (৫০) ও বোন মাকসুদা বেগম (৬০)। এ ঘটনায় আহত গৃহপরিচালিকা মরিয়ম বেগম (৪০) ও চালক কোরবান আলীকে (৪০) আশংকাজনক অবস্থায় ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর মহাসড়কটিতে প্রায় ৪০ মিনিট যান চলাচল ব্যাহত হয়।পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে দুপুর পৌনে একটায় যান চলাচল স্বাভাবিক হয়।
সহকারী পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকার বাসভবনে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে।
