চট্টগ্রামে তিন মিষ্টির দোকানকে জরিমানা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:২৫
অস্বাস্থ্যকর পরিবেশে এবং ছত্রাক পড়ে যাওয়া উপকরণ দিয়ে মিষ্টি তৈরির দায়ে নগরীর তিন মিষ্টির দোকানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার নগরীর রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযানে দীর্ঘদিনের পুরনো পচা ও বাসি ১০ মণ মিষ্টিও ধ্বংস করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
 
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ছত্রাক পড়ে যাওয়া মিষ্টির রস দিয়ে মিষ্টি তৈরি করায় খাঁজা সুইটস, মক্কা সুইটস ও জব্বার সুইটসকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
খাঁজা সুইটসকে এক লাখ, মক্কা সুইটসকে এক লাখ ও জব্বার সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
 
এ সময় তিন মিষ্টির দোকান থেকে বিক্রির জন্য রাখা ১০ মণ পচা, বাসি মিষ্টি ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
 
এছাড়া নগরীর এনায়েত বাজার এলাকায় লাইসেন্সের জন্য আবেদন করেই পানি উৎপাদন করায় এক পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান রুহুল আমিন।