বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাকে হত্যার দায় স্বীকার করলো ছেলে। প্রসঙ্গত, ১৭ জানুয়ারি বিকেলে উপজেলার নিমতলী মাদরাসার পূর্বপাশের সরিষার ক্ষেত থেকে রোকেয়া বেগম ওরফে দুলো (৬৮) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
রবিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লা আল মামুনের আদালতে নিহতের ছেলে ইউনুছ এ জবানবন্দি প্রদান করেন।
পুলিশ জানায়, শনিবার নিহতের বড় ছেলে বড়ধাপ গ্রামের ইউনুছ আলীকে (৪৮) ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরে গ্রেফতার দেখিয়ে ওই আদালতে নেয়া হলে বিচারকের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
