এবারের বাণিজ্য মেলায় দেশে তৈরি বিভিন্ন পণ্যের রফতানি আদেশ গতবারের তুলনায় ৭১ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের বাণিজ্য মেলায় ২৩৫ কোটি ১৭ লাখ টাকা রফতানির আদেশ পাওয়া গেছে, যা গতবারের তুলনায় ৭১ কোটি টাকা বেশি।২০১৫-১৬ অর্থবছরে ৩৩ হাজার পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। ডিসেম্বর পর্যন্ত তা ১৬ বিলিয়ন হয়ে গেছে। চলতি অর্থবছরের মধ্যে এই ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।
তিনি জানান, তৈরি পোশাক খাত থেকে ৮১ শতাংশ রফতানি আয় করে বাংলাদেশ। দেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় হবে। এর মধ্যে শুধু তৈরি পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা সরকারের।মন্ত্রী আরও জানান, একসময় যে জিডিপি ছিলো পাঁচ হাজার কোটি টাকা, এখন সেই জিডিপি বেড়ে দাঁড়িয়েছে আট লাখ কোটি টাকা।এখন অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৫তম আর ক্রয়ক্ষমতার দিক থেকে অবস্থান ৩৩ তম।
রপ্তানি আদেশ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড হোম ত্র্যাপ্নায়েন্সস, বহুমুখি, পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, বাসন-কোষণ, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি। মেলায় মালামাল বিক্রি পরিমান ১২১ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় ৭১ দশমিক ২ কোটি টাকা বেশি। গত বছর ছিল ৫০ দশমিক ৪৫ কোটি টাকা। মেলায় প্যাভিলিয়ন ও স্টল নির্মাণ বাবদ ব্যয় হয়েছে ৩৯ দশমিক ৯৮ কোটি টাকা যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ১৩ কোটি টাকা বেশি।
