কুষ্টিয়া মিরপুরের শোভার ক্রীড়ায় অভাবনীয় সাফল্য

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৪৯

৪৫তম আন্তঃ স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা “খ” বিভাগে কুষ্টিয়া মিরপুরের মেয়ে শোভা খাতুন ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ ও যুক্ত দৌড়ে হ্যাট্রিকসহ ৪টি স্বর্ণপদক জয় করার অনন্য কৃতিত্ব দেখিয়েছে।

শোভা উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও ছাতিয়ান গ্রামের হতদরিদ্র সুকমান আলীর মেয়ে। শোভা রাজশাহীতে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে রোববার বিকেলে আন্তনগর কপোতাক্ষ ট্রেনে মিরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় শোভার কয়েকশ সহপাঠী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এ সময়ে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম, কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে হক, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম. মিরপুর উপজেলার সফল মৎস্য চাষী সুজন মৎস্য খামারের মালিক সুরুজ্জামান সুজন, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে স্বর্ণজয়ী শোভাকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে মোটর শোভাযাত্রায় ছাতিয়ান গ্রামে কৃতি খেলোয়াড় শোভার   বাড়ীতে নিয়ে যাওয়া হয়।