দশ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টায় ওই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিমউদ্দিন সকালে জানান, রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া বাতি দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৯টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
