নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে গাছ থেকে বড়ই পাড়ার অভিযোগে এক মা ও শিশুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মারাত্মক আহত হলুদা আক্তার (২৮) ও শিশু ইতু আক্তারকে (২) নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেওপাড়া গ্রামের এখলাস মিয়ার সঙ্গে একই গ্রামের আনিস মিয়ার রাজনৈতিক শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় আনিস মিয়া তার গাছ থেকে বড়ই পাড়ার অভিযোগ তুলে পরিবারের লোকজনকে নিয়ে এখলাস মিয়ার স্ত্রী হলুদা আক্তার ও তার শিশু ইতু আক্তারের ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে মারাত্মক আহতাবস্থায় তাদেরকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব সোমবার দুপুরে বলেন, 'এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
