নীলফামারীতে টাকার জন্য বন্ধুদের হাতে খুন হলো সাহেব উদ্দিন ঘুটু (১৪) নামে এক সহপাঠী।
সোমবার সকালে জেলার জলঢাকা উপজেলার বাঁশঝাড় থেকে সাহেবের লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গোলনা কালীগঞ্জ এলাকার বাদশাহ মামুদের ছেলে।
এ ঘটনায় সন্দেহভাজন তিন সহপাঠীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরা হলো, মনোয়ার হোসেন (১৫), সালা উদ্দিন (১৫) ও টিটু অনুর্ধ (১১)।
জবানবন্দিতে তারা বলেন, সাহেবের কাছে টাকা আছে এমন ধারণা করে তার কাছে টাকা চাওয়া হয়। কিন্তু তার পকেটে টাকা না পাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলে।
জলঢাকা থানার তদন্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের সামনে তারা হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হত্যা মামলা করেছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে।
