৩ ডেপুটি গভর্নরের চুক্তির মেয়াদ বাড়ছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৬
বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের চুক্তির মেয়াদ বাড়াতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার ভূটানের সঙ্গুর স্পিকার জিগমে জাংপোর সঙ্গে মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই ইচ্ছার কথা জানান।
 
কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর আবু হেনা মোহা রাজী হাসান, এসকে সুর চৌধুরী ও নাজনীন সুলতানার মেয়াদ শেষ হয়েছে গত ২২ জানুয়ারি। তাদের পুনঃনিয়োগ চেয়ে গভর্নর এর মধ্যে সুপারিশ করেছেন। ২০১২ সালের জানুয়ারিতে তাদের নিয়োগ দেওয়া হয়।
 
ভূটানের স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর করিডোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। সেখানে এক সাংবাদিক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্যপদ পূরণের বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান। জবাবে মুহিত মন্ত্রী বলেন, ‘ওটা হবে।’
 
তাদেরকেই আবার নিয়োগ দেয়া হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ওয়েল, দেখা যাক। জনপ্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। এখন আমার যেটা সমস্যা হচ্ছে, এদেরকে অ্যাক্সটেনশন না দিলে সার্চ প্রক্রিয়ায় সময় লাগে। তিন মাসের মতো সময় লাগে। তাহলে অ্যাক্সটেনশনই হচ্ছে- এক সাংবাদিকের এমন মন্তব্যে মন্ত্রী বলেন, “আশা করছি। আমাদেরকে আলোচনা করতে হবে।
 
বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ বেড়ে যাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “গভর্নর, ডেপুটি গভর্নর সব সময়ই চুক্তিভিত্তিক, চুক্তিভিত্তিক হওয়া ভালো।