ফেনী শহরে এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান। গুলিবিদ্ধ শহিদুল ইসলাম কামরুলকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ে বিনিয়োগের জন্য সম্প্রতি জমি বিক্রি করে ২২ লাখ ৫৬ হাজার টাকা বাসায় রেখেছিলাম। সোমবার দুপুরে ওই টাকা জমা দেওয়ার জন্য কলেজ রোডের ইউসিবিএল ব্যাংকে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা রিকশার গতিরোধ। পরে তারা আমার ডান পায়ে গুলি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায়।
তিনি আরো বলেন, চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন চিকিৎসকরা।
পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, ছিনতাইয়ের ঘটনা জানার পর পুলিশ জড়িতদের আটক ও টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
