দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন: সরকার দলীয় ৫ নেতা বহিষ্কার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
 
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জাহিদ হাসান পিয়াল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
রবিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
সান্তাহার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে দলের সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার কারণে সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক এবং দলীয় শঙ্খলা ভঙ্গের অভিযোগে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক রুহুল আমিন ঢালী, সান্তাহার পৌর যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা সুটু এবং সান্তাহার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল ঢালীকে স্ব-স্ব সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।