গাজীপুরে বখাটে যুবকের ছুরিকাঘাতে জেলা গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা ও এক কনস্টেবল আহত হয়েছেন। আহতরা হলেন এসআই মনিরুজ্জামান, এএসআই সুমন মিয়া ও কনস্টেববল এরশাদ হোসেন।
সোমবার রাত পৌনে ৮টার দিকে শহরের শিববাড়ি মোড়ের মাইক্রোস্টান্ডে এ ঘটনা ঘটে। পরে হামলাকারী শরাফত হোসেনকে (৩৫) ছুরিসহ আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, রাতে এসআই মনিরুজ্জামানসহ গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য মাইক্রোস্টান্ডে চায়ের দোকানের সামনে যান। এ সময় মনিরুজ্জামানের সঙ্গে শরাফতের ধাক্কা লাগে। এ নিয়ে পুলিশের সঙ্গে তার তর্ক বাঁধে। এসআই মনিরুজ্জামান নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলে শরাফত আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শরাফত সঙ্গে থাকা ছোরা নিয়ে ওই তিনজনের উপর হামলা চালায়। এতে ওই তিনজনের শরীর বিভিন্ন জায়গায় কেটে গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকা তল্লাশি করে ছুরিসহ শরাফতকে আটক করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
