সন্ধে হলেই স্টেডিয়ামের কাছেই সৈকতে চালু হয়ে যায় বিশাল একটা জায়ান্ট স্ক্রিন। সেই পর্দার আলোয় আলোকিত হয়ে ওঠে দূর দূরান্তের বালু।
গতকাল সন্ধ্যায় কোনো এক ত্রুটির কারণে কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে গেলো সেই পর্দা। ম্লান হয়ে গেলো সৈকত। চাইলে এটাকে প্রতীকী বলে ধরে নিতে পারেন। আজ আসলেই নিভে যাচ্ছে কক্সবাজারের ক্রিকেট উত্সবের আলো। স্থানীয় মানুষের কোনো সম্পৃক্ততা থাকুক আর নাই থাকুক, বাংলাদেশ যুব দলের খেলা তো ছিলো।
আজকের পরও কক্সবাজারে যুব বিশ্বকাপের প্লেট পর্যায়ের খেলা চলবে। কিন্তু থাববে না বাংলাদেশের আলো।
কক্সবাজারের জন্য এটা যখন স্বাগতিক দলকে ঢাকার উদ্দেশ্যে বিদায় দেয়ার দিন; বাংলাদেশ দলের কাছে আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিন। এই ভেন্যুতে প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেছে বাংলাদেশ। আজ নামিবিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপসেরা দল হিসেবে প্রথম পর্ব শেষ করবে স্বাগতিক দল।
আজ স্থানীয় সময় সকাল ৯টায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে গ্রুপপর্বে বাংলাদেশ ও নামিবিয়া ম্যাচ। এই ভেন্যু থেকে টেলিভিশন সম্প্রচারের কোনো ব্যবস্থা না থাকায় দর্শককে অবশ্য এই ম্যাচটাও সরাসরি দেখা থেকে বঞ্চিত থাকতে হবে।
এমনিতে নামিবিয়া ও বাংলাদেশের ক্রিকেটের কোনো তুলনাই চলে না। বাংলাদেশ একদিকে উড়তে থাকা এক টেস্ট খেলুড়ে দেশের যুব দল। অন্যদিকে নামিবিয়া এখনও ক্রিকেটে জায়গাই শক্ত করতে পারেনি। কিন্তু চলতি বিশ্বকাপে দু’ দল একেবারে সমানে সমান। দু’ দলই এ পর্যন্ত স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আজকের লড়াইয়ে যে জিতবে, সেই গ্রুপ চ্যাম্পিয়ন।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে এই অখ্যাত ম্যাচটাই ফাইনাল। কারণ, আজকের ম্যাচে জিতলে তারা কোয়ার্টার ফাইনালের পাশাপাশি পরের ধাপের জন্যও পথটা সহজ করে ফেলতে পারেন। আজ বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তাদের খেলা পড়বে নেপালের বিপক্ষে। আর এই ম্যাচের পরাজিত দলকে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে ভারতের।
দু’ দলই জয়ের ব্যাপারে আশাবাদী।
বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসা স্পিনার শাওন গাজি বলছিলেন, প্রতিপক্ষকে দারুণ সম্মান দেখাচ্ছেন তারা। তবে নিজেদের খেলাটা খেলতে পারলে নামিবিয়া শক্ত প্রতিপক্ষ হওয়ার কথা নয় বলে বিশ্বাস করেন তিনি।
অন্যদিকে নামিবিয়ার কোচ নর্বার্ট মানিয়ান্ডে বলছিলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি, এখন আমরা তাকিয়ে বাংলাদেশ ম্যাচের দিকে। অবশ্যই আমরা চাইব গ্রুপের সেরা দল হতে। আমরা যতটা সম্ভব ভালো করতে চাই। যতদূর সম্ভব যেতে চাই এই বিশ্বকাপে। এখানে আর আগে আমরা জানতাম যে আমরা চমকে দিতে পারি সবাইকে। সেটা আমরা দেখিয়েছিও। এখনও অনেক কিছু করার বাকি আছে। প্রমাণ করতে চাই যে গতকালে জয় ফ্লুক ছিল না।’
