পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারাপার বন্ধ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৬
 
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 
এদিকে কুয়াশায় কারণে মাঝনদীতে নোঙর করে আছে যাত্রী ও যানবাহনবোঝাই একটি ফেরি। ফেরি পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে বিভিন্ন ধরনের দুই শতাধিক যানবাহন।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, মঙ্গলবার ভোরে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। সকাল সাতটার দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে এই নৌপথ। এসময় কুয়াশায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহন নিয়ে রো রো (বড়) ফেরি শাহ মখদুম মাঝনদীতে নোঙর করে আছে।