বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীন ও তাইওয়ানের মোবাইল ডিভাইস নির্মাতারা। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এইচটিসি অন্যতম একটি। স্মার্টফোন বাজারে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের স্মার্টফোনকে হাতিয়ার হিসেবে বিবেচনা করছে সংশ্লিষ্টরা। এ নীতিতে ব্যবসা সম্প্রসারণের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কনফিগারেশনের তুলনায় সাশ্রয়ী এক ফ্ল্যাগশিপ নিয়ে কাজ করছে বিকাশমান বাজারে তুমুল জনপ্রিয় এই হ্যান্ডসেট ব্র্যান্ড।
চমক জাগাতে ‘ওয়ান এম১০’ মডেলের এই ফোনের ব্যাপারে মুখে কুলূপ এঁটে রেখেছে এইচটিসি। কিন্তু তবুও ডিভাইসটির তথ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। সূত্র- দ্যা ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
ভেঞ্চারবিটের প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী ওয়ান এম৯ এর থেকে কিছু মৌলিক পরিবর্তন থাকবে নতুন এই ফ্ল্যাগশিপটিতে। তবে সবচেয়ে বড় ভিন্নতার একটি হলো, ওয়ান এম১০-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
গত সপ্তাহের শুরুতে গুজব ছড়ায় যে, এম১০-এর সাথে এইচটিসি’র সাব-প্রিমিয়াম ওয়ান এ৯ স্মার্টফোনের কিছুটা মিল থাকবে যাতে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনসহ টাচ সেন্সেটিভ হোম সেন্সর থাকবে।
তাছাড়া ফ্ল্যাগশিপটিতে এইচটিসি’র ‘আল্ট্রা পিক্সেল’ ক্যামেরা প্রযুক্তিও ফিরে আসতে পারে। প্রযুক্তিটি সর্বপ্রথম ২০১৪ সালে ওয়ান এম৮-এ দেখা যায়। তবে সেগুলো অতোটা সফলতা পায়নি কারণ চারটি আল্ট্রাপিক্সেল ক্যামেরা তৎকালীন ফোনগুলোর ক্যামেরার মতো শার্প ছিলনা। এইচটিসি ওয়ান৯ স্মার্টফোন থেকে আল্ট্রাপিক্সেল প্রযুক্তি সরিয়ে নেয়। তবে এবার এম১০ ফোনে প্রতিষ্ঠানটি ১২-আল্ট্রাপিক্সেল ক্যামেরা আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারে।
গুজবে আরও দাবি করা হয়, এইচটিসি এম১০-এ স্টেরিও সাউন্ড প্রদায়ক দুটি ফ্রন্ট ফেসিং স্পিকার যুক্ত করতে পারে। যেখানে প্রতিষ্ঠানটির বেশিরভাগ স্মার্টফোনের স্পিকার নিচের দিকে। তবে সব দিক থেকে বিবেচনা করলে ওয়ান এম১০ স্মার্টফোনটি আর দশটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই হবে। জনশ্রুতি অনুযায়ী, ওয়ান এম১০-এ সুপার শার্প কোয়াড-এইচডি (১৪৪০x২৫৬০) ৫.১ ইঞ্চি ডিসপ্লে থাকবে।
ফ্ল্যাগশিপটিতে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় স্ন্যাপড্রাগন ৮২০ চিপ থাকবে বলেও শোনা যাচ্ছে। সব মিলিয়ে, আরও একটি শক্তিশালী ও দ্রুত স্মার্টফোন পেতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ভক্তরা। শোনা যাচ্ছে, ২০১৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের পরে নিজস্ব ইভেন্টের মাধ্যমে ফোনটির মোড়ক উন্মোচন করবে এইচটিসি।
