ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় অপহরণের চারদিন পর স্কুলছাত্র মো. আবদুল্লাহর লাশ উদ্ধার হয়েছে। মৃত মো. আবদুল্লাহ (১১) উপজেলার মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
মঙ্গলবার এলাকাবাসীর খবরে পুলিশ তার লাশ উদ্ধার করে। আবদুল্লাহ রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের কুয়েত প্রবাসী বাদল হোসেনের ছেলে।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুরের খাবার খেয়ে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে পরিবারের মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে জানিয়ে দুর্বৃত্তরা মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ দাবি করে। বিষয়টি আবদুল্লাহর পরিবার থানায় জানায়।
আবদুল্লাহকে উদ্ধারে এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করে।
