ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শতবছর পূর্তির প্রাক্কালে বিগত ৯৪ বছরের এ বিশ্ববিদ্যালয়ের অর্জন ও ব্যর্থতার পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ইতিহাস বিভাগ এবং জার্মানিভিত্তিক গবেষণা সংস্থা ফ্রেডরিক এবার্ট স্টিফটুংয়ের (এফইএস) যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে 'ইউনিভার্সিটি অব ঢাকা মেকিং আনমেকিং রিমেকিং' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপাচার্য আরো বলেন, বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রাণ বলে উল্লেখ করে তিনি বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এর যা অর্জন, তা গর্ব করার মতো।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক, ইতিহাস বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ফেরদৌস আজিম এবং এফইএসের কর্মসূচি সমন্বয়ক সাধন কুমার দাসসহ প্রকাশিত গ্রন্থের সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল। বইটির ১৪টি নিবন্ধে লেখকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা দিক তুলে ধরেছেন। বইটিতে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম, ছাত্র-শিক্ষক সম্পর্ক, ছাত্র আন্দোলন ও সুশাসনসহ নানা বিষয়।
