নাটকীয় রান আউটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ আটে উঠেতে জিম্বাবুয়েকে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে দুই রানে হারিয়েছে তারা।
জিম্বাবুয়ের প্রাণপণ লড়াই কিংবা আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ের জন্য স্মরণীয় হয়ে থাকতে পারত ম্যাচটি। কিন্তু শেষটায় সব পেছনে ফেলে বিতর্কেরই জন্ম দিলেন কিমো পল।
শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল তিন রান, ব্যাট করছিল শেষ উইকেট জুটি। প্রথম বলটি করতে এসে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে রান আউট করেন কিমো। তিনি বল করতে আসার সঙ্গে সঙ্গে একটু করে এগোচ্ছিলেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভা। সুযোগটা দেখে বল না করে তাকে রান আউট করেন কিমো। এভাবে আউটের নিয়ম আছে। কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে এভাবে আউট ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধ বলে সমালোচনাও রয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৬১ রান করেন স্প্রিঙ্গার। তার ৭১ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও দুটি ছক্কায়। দলকে লড়াইয়ের পুঁজি এনে দিতে দশম উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়েন রায়ান জন (১৬*) ও ওডেন স্মিথ (১৬*) । জিম্বাবুয়ের রুগারে মাগারিরা তিন উইকেট নেন ৪৮ রানে। জবাবে এক ওভার বাকি থাকতে ২২৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
উদ্বোধনী ব্যাটসম্যান শন স্নাইডার খেলেন ৫২ রানের ভালো এক ইনিংস। মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাডাম কিফে খেলেন ৪৩ রানের আরেকটি কার্যকর ইনিংস। অন্যদেরও অবদানে আশা বাঁচিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ দিকে তালগোল পাকিয়ে আর শেষ রক্ষা করতে পারেনি দলটি। ১৫ রানে শেষ চার উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩০ রানে চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার জোসেফ।
