তাহের-ননীর রায়ে সন্তোষ, সাক্ষীরা চান নিরাপত্তা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩
মুক্তিযোদ্ধাসহ শহীদদের পরিবারের সদস্যরা একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর মৃত্যুদণ্ডের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।
 
মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামি তাহের ও ননীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তৃতীয় ও পঞ্চম অভিযোগে হত্যা, ধর্ষণ, আটকে রেখে নির্যাতনের দায়ে দুজনের সর্বোচ্চ সাজার আদেশ এসেছে। ফাঁসির দড়িতে ঝুলিয়ে অথবা মৃত্যু পর্যন্ত গুলি চালিয়ে তাদের দণ্ড কার্যকর করতে বলেছে আদালত।
 
এ দিকে সকাল থেকে শহরের মোক্তারপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধারা জড়ো হতে থাকেন। রায় ঘোষণার পর তারা শহরে আনন্দ মিছিল বের করেন। পরে তারা সংসদ কার্যালয়ে উপস্থিত সবাইকে নিয়ে মিষ্টি খাওয়ান।
রাজাকার তাহের ও ননীর মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ প্রকাশ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল আমীন বলেন, ‘এই মামলায় আমিও সাক্ষী ছিলাম। আমরা মুক্তিযোদ্ধারা চাই তাদের দণ্ড দ্রুত কার্যকর করা হোক।’