সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পূজা সাহা নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি রাবির অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী পূজা সাহা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলের ৮নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কাজলা থেকে অটোরিক্সাতে হলে ফিরছিলেন পূজা। মন্নুজান হলের সামনে পৌঁছুলে তার ওড়না রিকশার চাকার সঙ্গে জড়িয়ে যায়। এসময় রিক্সা থেকে পড়ে গিয়ে গলায় আঘাত পান ওই শিক্ষার্থী।
তাকে দুর্ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।
রামেক হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থীকে মেডিকেলের জরুরি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মস্তিষ্কে আঘাত লেগেছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
