১০০ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে গুগলের মেইল সেবা জিমেইল। এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দার পিচাই। ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এই ঘোষণা দেন তিনি। সূত্র- টেক টাইমস।
২০১৫ সালের মে মাসে জিমেইলের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটিতে পৌঁছে বলে ঘোষণা দেয় গুগল। এই দিক থেকে মাত্র ছয় মাসে আরও ১০ কোটি নতুন ব্যবহারকারী পেয়েছে জিমেইল।
জিমেইলসহ এ নিয়ে গুগলের মোট সাতটি সেবা ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। এর আগে সার্চ, ক্রোম, অ্যান্ড্রয়েড, গুগল প্লে, ম্যাপস ও ইউটিউবের ব্যবহারকারী ১০০ কোটি অতিক্রম করে।
জিমেইলের জন্য নতুন ‘ইনবক্স’ সেবা চালু করেছে গুগল। সেবাটিকে গুগলের নতুন পরীক্ষামূলক সেবা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
